spot_img
spot_img

৭ অক্টোবরের ঘটনার তদন্ত কমিশন ঠেকাতে সবকিছু করছেন নেতানিয়াহু: সাবেক গোয়েন্দা কর্মকর্তা সেরি

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার বিষয়ে সরকারি তদন্ত কমিশন গঠন ঠেকাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘সবকিছু করছেন’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা বারাক সেরি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আমেরিকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে দেওয়া এক পোস্টে সেরি বলেন, ৭ অক্টোবরের হামলার আগে নেতানিয়াহুকে ‘সতর্ক করা হয়েছিল এবং সতর্কবার্তা দেওয়া হয়েছিল’। কিন্তু ‘তিনি সবকিছুই উপেক্ষা করেছেন।’

তিনি বলেন, ‘এ কারণেই নেতানিয়াহু ব্যক্তিগতভাবে একটি তদন্ত কমিশন গঠন ঠেকাচ্ছেন।’

এর আগে শনিবার দখলদার ইসরাইলি সংবাদপত্র ‘ইয়েদিয়ত আহরোনত’ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে হামাসের সম্ভাব্য হামলা সম্পর্কে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল। তবে এসব সতর্কবার্তা নিয়ে আলোচনা করতে তিনি কোনো বৈঠক ডাকেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, নেতানিয়াহু এসব সতর্কবার্তা শিন বেত, মোসাদ বা ‘আমান’ নামে পরিচিত সামরিক গোয়েন্দা অধিদপ্তরের সঙ্গে শেয়ার করেননি।

এদিকে আমেরিকান সাময়িকী ‘দ্য আটলান্টিক’ জানিয়েছে, ৭ অক্টোবরের ঘটনার ১১ দিন আগে মিসরের সাবেক গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল গোপনে ইসরাইলে সফর করেছিলেন। সম্ভাব্য হামলা সম্পর্কে তেলআবিবকে সতর্ক করতেই তিনি ওই সফর করেছিলেন বলে সাময়িকীটি জানিয়েছে।

এই দাবি নিয়ে মিসরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

৭ অক্টোবরের ঘটনার পর দখলদার ইসরাইল গাজ্জা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। এতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে পুরো গাজ্জা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল গাজ্জায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ