দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার এখন একটি বড় সুযোগ তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে এগিয়ে গেলে সফলতা আসবেই।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কৃষি লাভজনক না হওয়ায় অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরাসরি কৃষকের হাতে সরকারি প্রণোদনা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমেই কৃষিখাতের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। সে লক্ষ্যে কৃষিবিজ্ঞানীদের সার্বিক সুযোগ-সুবিধা বাড়াতে হবে। প্রয়োজন হলে আইন সংশোধন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের সুব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।











