যশোরে চুরির অপবাদে স্বাধীন মিয়া নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্বাধীন মিয়া যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাসিন্দা।
স্বজনদের দাবি, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়ায় চুরির অপবাদ দিয়ে স্বাধীনকে বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য স্বাধীনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা অভিযোগ করেন, স্থানীয় শহিদুল, উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে।
এদিকে, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।











