বর্তমান সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের কবর হয়েছে বাংলার মাটিতে। বর্তমান সরকার এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এখনই সরকারের পতনের দাবি উঠতে শুরু করেছে।
তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ক্ষেত্রে ব্যর্থ হলে জনগণ অতীতের মতোই এই সরকারকে শিক্ষা দেবে।
জামায়াতের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মেধা, নৈতিকতা, যোগ্যতা ও তাকওয়ার সমন্বয়ে সমাজ পরিচালনার নেতৃত্ব দেওয়ার জন্য সদস্যদের প্রস্তুতি নিতে হবে।
নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
সম্মেলনে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য জেলা আমির নির্বাচনে সদস্যদের মতামত নেওয়া হয়।











