তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুসলিম উম্মাহ ও আফগানিস্তানের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেছেন ইমারতে ইসলামিয়া সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধবিষয়ক মন্ত্রী মাওলানা মুহাম্মদ খালিদ হানাফি। তিনি আফগানিস্তানে জাতিগত বিদ্বেষ ও আঞ্চলিক বৈষম্য দূর করে আফগানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন।
মাওলানা হানাফি বলেন, “দেশে জাতিগত বিদ্বেষ ও আঞ্চলিক বৈষম্য দূর করা হয়েছে এবং আফগানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। বিদেশি প্রচারণায় বিশ্বাস করো না।”
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশি প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, বাইরের প্রভাবের মাধ্যমে ইসলামি ব্যবস্থাকে হেয় করা বা আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার সুযোগ দেওয়া হবে না।
জাতীয় ঐক্য এবং জাতিগত ও আঞ্চলিক বিভাজন কমানোর বিষয়টি আফগানিস্তানের রাজনৈতিক আলোচনায় দীর্ঘদিন ধরে উঠে আসছে। নাগরিকদের মধ্যে সংহতি কীভাবে আরও শক্তিশালী করা যায় এবং দেশের স্থিতিশীলতায় এর ভূমিকা কী, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক আজিজ মারিজ বলেন, আফগানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভেদ দূর করা হয়েছে। যারা বিদ্বেষ ছড়ায়, তাদের শাস্তি দেওয়া ইসলামি আমিরাতের দায়িত্ব।
মাওলানা হানাফি তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আফগানিস্তানের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে ঐক্য বজায় রাখা, ইসলামি মূল্যবোধ সুরক্ষিত রাখা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সূত্র : টোলো নিউজ











