spot_img
spot_img

শ্রমিক আন্দোলন সাধারণ শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই, ষড়যন্ত্রের দাবি আবিদের

পোশাক খাতে চলমান শ্রমিক আন্দোলন সাধারণ শ্রমিকদের হাতছাড়া হয়ে গেছে এবং এর নেপথ্যে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ সংগঠনের দেশীয়-আন্তর্জাতিক সুদূরপ্রসারী ষড়যন্ত্র কাজ করছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

আবিদ বলেন, তৈরি পোশাক শিল্প এলাকায় আন্দোলনের নামে যা চলছে, তা কোনোভাবেই আর সাধারণ শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই। পতিত স্বৈরাচারের দোসর ও তাদের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের মাধ্যমে এই আন্দোলনকে দেশবিরোধী রূপ দেওয়ার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।

তিনি আরো বলেন , সরকার দুই দিন আগেই মজুরি বোর্ড গঠন করেছে এবং খুব দ্রুতই সেখান থেকে ইতিবাচক মজুরি বাড়ানোর ঘোষণা আসার কথা রয়েছে। কিন্তু পতিত স্বৈরাচারপন্থি কিছু সুবিধাভোগী গার্মেন্টস মালিক শ্রমিকদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়ে রাখছে।

মালিকপক্ষের একটি অংশ শ্রমিকদের বিভ্রান্ত করছে দাবি করে তিনি বলেন, মালিকরা বেতন বাড়াতে চাইলেও সরকার বাধা দিচ্ছে এবং কাজ বন্ধ রাখতেই মজুরি বোর্ড করেছে।

গাজীপুর ও মিরপুরের উদাহরণ টেনে আবিদ বলেন, চার থেকে পাঁচটি কারখানার স্বৈরাচারপন্থি মালিক তৎপর হলে অনায়াসেই ১০ থেকে ২০ হাজার শ্রমিককে রাস্তায় নামিয়ে রাখা সম্ভব। পুলিশি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সারা দেশ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গাজীপুরে জড়ো করা হয়েছে।

তিনি বলেন, একদিকে শ্রমিকদের সামনে রেখে অন্যদিকে পেছনের সারির সন্ত্রাসীদের দিয়ে বাসে আগুন, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো নৈরাজ্য চালানো হচ্ছে।

আন্তর্জাতিক ষড়যন্ত্রের তথ্য তুলে ধরে আবিদুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত গার্মেন্টস খাতে শতভাগ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ এশিয়ায় এতদিন বাংলাদেশই এককভাবে এ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের এই বিপুল বাজার দখল করতে ভারত মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, বিগত কয়েক সপ্তাহে কিছু ভারতীয় ইনফ্লুয়েন্সার বাংলাদেশে এসে ঘুরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালিয়েছে।

আবিদুল ইসলাম বলেন, দেশীয় নৈরাজ্য ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আমাদের এই তৈরি পোশাক খাত। গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করতে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার সরকারের রয়েছে। এ মুহূর্তে আন্দোলনের নামে মাঠে নেমে ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর কোনো নৈতিক বা আইনি বৈধতা নেই।

গণহত্যাকারী কোনো শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ, সরকার ও সব গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধভাবে এই গভীর চক্রান্ত রুখে দেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ