দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না, বরং ব্যর্থতার চিত্র আরও প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত ‘জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালা’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বিশেষ করে গত কয়েক দিনে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা বন্ধ করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য লাগামহীন। এটি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রেও ইনসাফ নিশ্চিত করতে হবে।
নারী-পুরুষের পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা প্রায় হাজার বছর ধরে মুসলমান। আমাদের নিজস্ব সমাজরীতি, সামাজিকতা ও সংস্কৃতি রয়েছে। ইসলাম বিধৌত আমাদের প্রাচ্য সমাজে নারী ও পুরুষের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের। মহান আল্লাহ তায়ালা নারী ও পুরুষকে একে অপরের পোশাক হিসেবে দৃষ্টান্ত দিয়েছেন। এ সম্পর্কে রয়েছে সম্মান, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা।
পশ্চিমা নারীবাদের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, নারী ও পুরুষের সম্মিলিত সাধনায় পরিবার ও সমাজ বিকশিত হয়েছে। কিন্তু পশ্চিমা নারীবাদ নারীদের পুরুষদের থেকে আলাদা বর্গে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে লড়াইয়ের সম্পর্কে পরিণত করেছে।
তিনি বলেন, পশ্চিমা নারীবাদের এই প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে নারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।











