মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা হলেও শেখ হাসিনা আপিল না করায় দেশে ফিরলেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, একই সঙ্গে দণ্ডিত আসামি হওয়ায় তাঁর নতুন পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’-এর ৬ ও ৭ অনুচ্ছেদ এ ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট ইস্যু করবে না।
তিনি আরও বলেন, ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।
শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।
তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের তাঁকে নতুন পাসপোর্ট ইস্যু করার আর কোনো এখতিয়ার নেই।











