spot_img
spot_img

বিচার হচ্ছিল মিয়ানমারের, ভয়ে ছিল ইসরায়েল: আসিফ নজরুল

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিচার চললেও এ নিয়ে ভয়ে ছিল দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, বিচার হচ্ছিল মিয়ানমার রাষ্ট্রের। ভয়ে ছিল ইসরায়েল। অপেক্ষায় ছিল সারা বিশ্ব। অবশেষে সেই বিচারের রায় হয়েছে। বিশ্বের সর্বোচ্চ আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে) রায় দিয়েছে যে, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল মিয়ানমার।

তিনি বলেন, এর আগে এই আদালত কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী বলে ঘোষণা করেনি। রাষ্ট্রীয় অপরাধগুলোর মধ্যে গণহত্যাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। এর দায় নির্ধারণের ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ ধরনের মামলার ক্ষেত্রে রায়টি একটি আইনি নজির তৈরি করেছে।

বিশেষ করে ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দায়ের করা গাজ্জায় গণহত্যার মামলায় এই রায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে বলে মন্তব্য করেন আসিফ নজরুল।

তিনি বলেন, ইসরাইল গাজ্জায় ব্যাপক হত্যাকাণ্ডকে সন্ত্রাসবিরোধী তৎপরতার অংশ হিসেবে দাবি করে আসছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর সময় মিয়ানমারও একই ধরনের দাবি করেছিল। তবে বিচারকরা মিয়ানমারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, তারা আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ নিয়েছিল।

সাবেক এই আইন উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যে গাজ্জায় ইসরাইলের গণহত্যার বিষয়ে মত দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার করা ইসরাইলবিরোধী মামলায় আইসিজের ভবিষ্যৎ রায়েও বিষয়টি প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে তিনি মনে করেন।

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, রায়ে রোহিঙ্গাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। মিয়ানমার দীর্ঘদিন ধরে তাদের ‘বাঙালি’ অথবা ‘বিদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ করে আসছে।

তার মতে, রোহিঙ্গাদের এই স্বীকৃতি মিয়ানমারে তাদের প্রত্যাবাসনে বাংলাদেশের প্রচেষ্টাকে নানাভাবে সহায়তা করবে।

আইসিজের রায় কার্যকর করার নিজস্ব কোনো ক্ষমতা নেই উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আদালতের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক এবং আন্তর্জাতিক কূটনীতিতেও যথেষ্ট গুরুত্ব বহন করে। এই রায়ের ফলে ভবিষ্যতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পথ তৈরি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ