পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রী ফিরে আসার নজির নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
গোপালগঞ্জের পরিস্থিতি ও সরকারের অবস্থান
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। এরপরও বাহিনীর সদস্যরা গুলি না করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না। শিগগিরই সেখানকার পরিস্থিতি শান্ত করা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সবকিছু আইনের মাধ্যমে করা হবে। তবে সরকারের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না
গণমাধ্যম ও অপপ্রচার প্রসঙ্গে
সাংবাদিকদের সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, যেসব সংবাদ বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেগুলো অনেক সময় কম গুরুত্ব পাচ্ছে। আবার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার পাচ্ছে। প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি কিছু পেইজ পরিচালনাকারী সাংবাদিক অপপ্রচার করেন। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
ভোলার গ্যাস ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন
ভোলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভোলার মানুষ যেমন ভাগ্যবান, তেমনি বাংলাদেশের মানুষও ভাগ্যবান। ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে। ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু অথবা সড়কপথের সংযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে এ বিষয়ে কাজ করছে। এই সরকারের আমলেই এর যেকোনো একটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।











