spot_img
spot_img

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়কে কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান না বানিয়ে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় তিনি এসব কথা বলেন ।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তোলাও সরকারের লক্ষ্য।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আসবেন।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ