spot_img

মগবাজারে বিস্ফোরণ; মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ভবনের নিচতলা

রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। তবে এর কারণ এখনও জানা যায়নি।

রোববার (২৭ জুন) রাত আটটার দিকে বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় তিনতলা ভবনের নিচতলা।

ওই বিস্ফোরণে আশপাশের বিভিন্ন স্থাপনা ও যানবাহন বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দোকানপাটও। এ ঘটনায় দগ্ধ ও আহত অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণ এতটাই প্রকট ছিল যে আশেপাশের বিভিন্ন স্থাপনাও কেঁপে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে গেলে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে সবাই।

খবর পেয়ে ঘটনা স্থলে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কিছুই জানাতে পারেনি।

বিস্ফোরণে দগ্ধদের মগবাজারের আশেপাশের হাসপাতালসহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। আহত অর্ধশতাধিকের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ