মাদরাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এ দাবি জানান।
মঙ্গলবার (৩১ আগস্ট) পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মাওলানা ইউসুফ আশরাফ বলেন, দ্বীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংসের দারপ্রান্তে। শিক্ষার্থীরা বিভিন্ন নেশা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে দেশ ও জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই শিক্ষাব্যবস্থা ও আগামী প্রজন্মকে বাঁচাতে হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিকল্প নেই। সুতরাং মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।
এসময় তিনি গ্রেফতারকৃত আলেম-ওলামা ও দলীয় নেতা-কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, ভারপ্রাপ্ত সভাপতি মুফতী নূর মুহাম্মাদ আজিজী, সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।











