স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের কাছ থেকে নতুন করে ৬ কোটি ডোজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোভ্যাকস টিকা প্রতি মাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে দেশে এসে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে দেশে আগামী মাস থেকেই প্রতি মাসে দেড় থেকে ২ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।










