মানিকগঞ্জ সদর উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন।
জানা গেছে, ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে শহরের দুটি স্কুলের ৫০ জন করে ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও, পরে বিশেষ বিবেচনায় আরও দুটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান জানান, প্রাথমিকভাবে জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ পর্যায়ে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ ও আটিগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ফাইজারের টিকা পাবে।










