বুস্টার ডোজ নেওয়ার পরও করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এখন কোয়ারেন্টাইনে চলে গেছেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। আগামী পাঁচদিন নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। তবে এ সময়েও নির্ধারিত সব বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
রবিবার (২ জানুয়ারি) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনাভাইরাসের হালকা উপসর্গ রয়েছে তার শরীরে।
রবিবার এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন জানান, গত ২১ ডিসেম্বর তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ দেখা করেছিলেন। মূলত শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন তিনি।
বিবৃতিতে তিনি জানান, চিকিৎসকরা আমাকে স্পষ্ট জানিয়েছেন যে, আমি করোনায় আক্রান্ত হলেও কোভিড-১৯ প্রতিরোধী উভয় ডোজ টিকা নেওয়া এবং অক্টোবরের শুরুতে টিকার বুস্টার ডোজ নেওয়ার কারণে আমার শরীরে ভাইরাসের উপসর্গ অনেক হালকা ভাবে দেখা দিয়েছে।
সূত্র : রয়টার্স, আল-জাজিরা











