দীর্ঘ ৭০ বছর মশা বাহিত রোগ নির্মূল চেষ্টার পর চীনকে ম্যালেরিয়ামুক্ত বলে প্রত্যয়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
বুধবার (৩০ জুন) এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস আধানম গেব্রিয়াসেস বলেন, ম্যালেরিয়ামুক্ত হওয়ায় চীনকে আমি অভিনন্দন জানাচ্ছি।
১৯৪০ সালে দেশটিতে প্রতি বছর সংক্রামক এই রোগটির ৩০ মিলিয়ন সংক্রমণ দেখা গেছে তবে দেশটিতে সাম্প্রতিক পরপর চার বছর এ রোগের আর কোনো অস্তিত্ব মেলেনি। তাদের এই সাফল্য কঠোর প্রচেষ্টায় অর্জিত হয়েছে ও কয়েক দশক ধরে লক্ষ্য হিসেবে নিয়ে টেকসই পদক্ষেপ গ্রহণের পরে তা অর্জিত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে চীন সেই ক্রমবর্ধমান দেশগুলির দলে যোগ দিল, যারা বিশ্বের সামনে ম্যালেরিয়ামুক্ত হওয়াকে ভবিষ্যত বাস্তব লক্ষ্য হিসেবে তুলে ধরছে।
যেসব দেশ কমপক্ষে টানা তিন বছর ম্যালেরিয়ামুক্ত স্থিতি সাফল্য অর্জন করেছে তারা এই প্রত্যয়নের জন্য আবেদন করতে পারে। তবে, তাদের অবশ্যই সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন এবং পুনরায় সংক্রমণ রোধ করার দক্ষতা প্রদর্শন করতে হবে।
জেনেভাভিত্তিক স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়ামুক্ত সনদ পাওয়া বিশ্বের চল্লিশতম দেশ চীন। এর আগে এল সালভাদর, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উজবেকিস্তান এই মর্যাদা পেয়েছে।
এছাড়া ৬১টি দেশ রয়েছে, যেখানে কখনো ম্যালেরিয়া সংক্রমণ ঘটেনি কিংবা কোনো পদক্ষেপ ছাড়াই রোগটি কমে গেছে।










