spot_img
spot_img

১ লাখ বিশ হাজারের বেশি আফগানদের সরিয়ে এনেছে আমেরিকা: বাইডেন

তালেবান পুরো দেশ নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তান থেকে সহযোগী ১ লাখ ২০ হাজারের বেশি লোককে সরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, আফগানিস্তান থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে দেশটি থেকে নিরাপদে সরিয়ে এনেছে আমেরিকা, যা ইতিহাসে এর আগে কোনো জাতিই করেনি।

মঙ্গলবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

বাইডেন বলেন, আফগানিস্তানে আমেরিকার ২০ বছরের যুদ্ধের অবসান হয়েছে, যা ছিল আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ। আমরা দেশটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিরাপদে সরিয়ে এনেছি। বিশেষজ্ঞদের ধারণার চেয়ে যা দ্বিগুণ। কোনো জাতিই ইতিহাসে এর আগে এরকম কাজ করেনি। শুধু যুক্তরাষ্ট্রের সক্ষমতা, ইচ্ছা ও যোগ্যতা ছিল তা করার এবং আমরা তা করেছি।

তিনি বলেন, আমাদের সেনা, কূটনীতিক ও গোয়েন্দাদের দক্ষতা এবং সাহসিকতার কারণে আমরা এ অসাধারণ সফলতা অর্জন করতে পেরেছি। তারা বেশ কয়েক সপ্তাহ ধরে আমেরিকার নাগরিক, সেসব আফগান যারা সেখানে এতদিন আমাদের সহযোগিতা করেছে, তাদের নিরাপদে দেশত্যাগে সহযোগিতা করেছে। মিশনে প্রায় ২০ সেনাসদস্য আহত হয়েছেন এবং ১৩ জনের প্রাণ গেছে।

তিনি আরও বলেন, এপ্রিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ৩১ আগস্টের মধ্যেম সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে আফগানিস্তান থেকে। ধারণা করেছিলাম, আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের তিন লাখ সদস্য তালেবানের শক্তিশালী প্রতিপক্ষ হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ