পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করেছেন।
তিনি বলেন, যে কোনো জরুরি প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে পারেন। তবে, কোনো জরুরি প্রয়োজন না থাকলে আমরা তাদের কয়েকদিন পরে আসার পরামর্শ দিচ্ছি।
বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. এ কে আবদুল মোমেন বলেন, সে অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে বাংলাদেশীদের ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
তিনি বলেন, এই দেশগুলো থেকে জরুরি প্রয়োজনে যদি কাউকে দেশে আসতে হয়, তাকে নতুন ওমিক্রন মোকাবেলায় সরকারের পদক্ষেপের অংশ হিসাবে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।










