spot_img

গণতন্ত্র উদ্ধার করতে পারলেই বাংলাদেশ মুক্ত হবে : গয়েশ্বর

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলেই, বাংলাদেশ মুক্ত হবে। আমাদের নেতাকর্মীরা মুক্ত হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবো।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরাম।

এ সময় গয়েশ্বর চন্দ্র আরো বলেন, দেশের ১৮ কোটি মানুষ গণতন্ত্র চায়। জনগণ তাদের ভোট নিরাপদে দিতে চায়। আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে, বাংলাদেশ মুক্ত হবে। মানুষ ভোট দিতে পারবে। দেশের আদালত আজ স্বাধীন নয়। স্বাধীনভাবে কাজ করতে চায়ও না। সেই কারণে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের সংগ্রাম করতে হবে। ফ্যাসিবাদ সরকার কখনো নিরস্ত্র জনগণের সাথে সংগ্রাম করে টিকতে পারবে না। আগেও পারেনি। এই সরকারের পতন অনিবার্য।

তিনি বলেন, আমরা আমাদের নেতাদের মুক্তি কার কাছে চাইব। তিনি আমাদের দলের শীর্ষনেতাদেরকে ধরেছেন, তিনি তো ছাড়বেন না। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত একবার বলেছিলেন, ‘বাঘে ধরলে বাঘে ছাড়ে হাসিনা ধরলে কাউকে ছাড়ে না’। তাই এই সরকারের কাছে মুক্তি চেয়ে লাভ নেই।

তিনি আরো বলেন, ঢাকার সমাবেশ নিয়ে সরকার অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে। আমাদের নেতা ডা. জাহিদের কাছে সমাবেশ করার অনুমতিপত্র দিয়ে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতের অন্ধকারে গ্রেফতার করে নিয়ে যায়। নানা নাটকীয়তার পরে জেলখানায় পাঠায়। তাদেরকে ৭ ডিসেম্বর নয়াপল্টনে সংর্ঘষের ঘটনায় উস্কানিদাতা হিসেবে জেলে পাঠানো হয়েছে। অথচ মামলার এজাহারে তাদের নাম নেই। তারপরও নিম্ন আদালতে তাদের জামিন মিলেনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা আদালতকে একটি কথাই বলতে চাই, আমরা ন্যায়বিচার চাই। যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাদের নিয়ে আমরা আদালতের কাছে ন্যায়বিচার চাই। আমরা করুনা চাই না। এতো দিন আমরা ন্যায়বিচার পাই নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ