পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে বড় চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছেন এবং জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি করেছেন।
ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে পার্লামেন্টে একটি উত্তেজনাপূর্ণ অধিবেশনে শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা স্থগিত করে দেওয়া হয়।
অধিবেশনের শুরুতে পাকিস্তানের আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, গত ৭ মার্চ বিদেশে একটি বৈঠক হয় এবং তার একদিন পর ৮ মার্চ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়। .
ফাওয়াদ চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্রদূতকে ৭ মার্চ একটি বৈঠকে ডাকা হয়, যেখানে অন্য দেশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমাদের রাষ্ট্রদূতকে জানানো হয় যে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের কেউ জানত না যে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। আমাদের রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এই অনাস্থা প্রস্তাবের সাফল্যের উপর নির্ভর করে। অনাস্থা প্রস্তাব সফল হলে, পাকিস্তানকে ক্ষমা করা হবে। কিন্তু যদি অনাস্থা প্রস্তাব সফল না হয়, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ খুব কঠিন হবে।
পার্লামেন্টে ফাওয়াদ চৌধুরী বলেন, সরকার পরিবর্তনের জন্য এটি বিদেশি সরকার প্রচেষ্টা চালাচ্ছে, দুর্ভাগ্যবশত এতে বিরোধী দল ও আমাদের ২২ জন সংসদ সদস্যও যোগ দিয়েছে।
ফাওয়াদ চৌধুরীর বক্তব্যের পর বিরোধীদের আনিত অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক অবহিত করে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। একই সাথে তিনি অধিবেশন মুলতবী ঘোষণা করেন।











