হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল মানুষকে সাহায্যের আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসায় সর্বোচ্চ ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি সাংগঠনিক উদ্যোগেরও সূচনা হলো।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা রিজওয়ান রফিকী প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আহবায়ক কমিটি গঠন করে ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য সাংগঠনিকভাবে কার্যক্রম শুরু করবে। এ উদ্যোগকে সফল করতে হেফাজতের সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে শরীক হওয়ার আহ্বান জানানো হয়।
হেফাজতের সিনিয়র দায়িত্বশীলরা ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ইন’আমুল হাসান ফারুকীর চিকিৎসায় সহযোগিতা করেছেন। এবার আনুষ্ঠানিকভাবে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা কার্যক্রমের দায়িত্ব নেওয়া হলো।











