বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আগামী রোববার (৮ জানুয়ারি) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানানো হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার নাশকতার মামলায় ছয় মাসের জামিন পান বিএনপির এ দুই শীর্ষ নেতা। পরে তাদের জামিন আবেদন স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার দুপুরে বিচারপতি মুহাম্মদ সেলিম ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। এ সময় তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির বলেছিলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করা হবে।










