২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন ভোট কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচন কমিশনার ছিলেন শামছুল হুদা। সে সময় ওয়ান-ইলেভেনের নায়ক মঈন ইউ আহমেদ-ফখরুদ্দিন যোগসাজশে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় এনেছিল।
আজ বুধবার (৪ জানুয়ারি) নওগাঁ জেলা বিএনপি আয়োজিত বিএনপির ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এরপর প্রতিবারই আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় আছে। আগামীতে যাতে তারা ভোট চুরি করে ক্ষমতায় আসতে না পারে সে জন্য তারেক জিয়ার নেতৃত্বে আমাদের সজাগ থাকতে হবে।
সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আজকে যারা আমার কর্মীদের ওপর অত্যাচার করেছে, যারা আমার হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়েছে, আমার ছেলেদের গুলি করে হত্যা করেছে, তাদের কোনো মাফ হবে না। তাদের বিচার জনতার আদালতে আমরা করতে চাই। কেউ ছাড় পাবে না।
সভায় উপস্থিত নেতা-কর্মীদের সামনে বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা ২৭ দফা উপস্থাপন করে রুহুল কুদ্দুস তালুকদার আরো বলেন, জনগণের মতামত নিয়েই বিএনপি ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। এতে দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে। পরপর অবৈধভাবে ক্ষমতায় এসে এই সরকার রাষ্ট্রের সব অঙ্গকে কলুষিত করেছে, বিতর্কিত করে ফেলেছে। তাই রাষ্ট্রকে মেরামত করার জন্য বিএনপি ২৭ দফার রূপরেখা ঘোষণা করেছে। ২৭ দফার রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।










