মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি দল। তারা মা-বোনদের বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পেয়ে যাবে। অথচ নিজেরাই নারীদের অসম্মান করছে। তারা নারীদের বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আমলের উপর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত ইসলামী রাজনীতি করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে একটা দল আপনাদের সামনে এসেছে। এদরেককে আপনারা চিনেন। আমাদের সাথেই তারা থেকেছে। এখন আসছে, তারা নির্বাচন করবে। আপনারা রাজনীতি করবেন, তবুও দয়া করে মিথ্যা কথা বলবেন না।
তিনি আরও বলেন, জামায়াত নাকি ইসলামের কথা বলে, কিন্তু তাদের আমীর সাহেব পরিষ্কার করে বলেছেন, তারা কোনো ইসলামি দল নয়।











