আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দল করব শেখ হাসিনার, পার্টি করব শেখ হাসিনার, শেখ হাসিনার দলের পদ দেব কিন্তু শেখ হাসিনা সিদ্ধান্ত যেটা দিবে সেই সিদ্ধান্ত যারা মানবে না তারা কখনো দলের লোক হতে পারে না। তারা মোনাফেক, মোনাফেক এবং মোনাফেক। এই মোনাফেকদের চিনতে হবে। এই মোনাফেক সাপের চেয়েও খারাপ। সাপকে বিশাস করা যায়, মোনাফেককে বিশ্বাস করা যায় না।
বুধবার (৫ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও ১৪ দলের সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের নির্বাচনের পক্ষে আয়োজিত কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, জননেত্রী শেখ হাসিনা বড় আশা নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছেন। তাকে গত নির্বাচনে ৮৪ হাজার ভোটে নির্বাচিত করেছিলেন। এবার আমাদের বিশ্বাস, শেখ হাসিনাকে দেখিয়ে দিন লক্ষাধিক ভোটে বিজয়ী করে।
তিনি বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর বাবা কে ছিলেন, সেটা আপনারা সবাই জানেন। ডা. সেলিনা হায়াৎ আইভীর বাবা এদেশের মানুষের জন্য অত্যন্ত পরিশ্রম এবং সংগ্রাম করে গিয়েছেন। সেই চুনকা ভাইয়ের মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী। আমরা আপনাদের কাছে হাত জোড় করে দুই হাত পেতে ভিক্ষা চাচ্ছি- আগামী নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন।










