দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে মিছিলটি বের হয়। এরপর তা কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।
এসময় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই অবৈধ সরকার তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ফরমায়েশি আদেশ দিয়েছেন। যা দেশের লক্ষ কোটি ছাত্রসমাজ মেনে নেবে না।
তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ছাত্রসমাজ। সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে যে কোনো মূল্যে সরকারকে পদত্যাগে বাধ্য করবে জনগণ। আর সেদিন বেশি দূরে নয়।











