বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না: রিজভী

অপপ্রচার ও মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাদের একটি সংগ্রামের মতো বিজয় অর্জন করতে হবে। কারণ চারদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার চলছে। আজ প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট নামে একটি বিষয় তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্রহনন, কুৎসা রটনা ও অপপ্রচারের যেন শেষ নেই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছে, যারা গুপ্ত ও সুপ্তভাবে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে অবস্থান করেনি, যারা সত্য ও ন্যায়কে সুস্পষ্টভাবে প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এসব কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী ও সুরকাররা সবাই মিলে নিজেদের সুললিত ধ্বনি ও শক্তিশালী শব্দ ব্যবহার করে এই অপপ্রচারের চলমান আঘাতকে পরাজিত করবে।

জাসাস নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, জাসাসের সঙ্গে যারা রয়েছেন, তাদের গতানুগতিক রাজনীতি করার প্রয়োজন নেই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, আয়োজক সংগঠনের সভাপতি চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ