ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহপ্রদত্ত শরীয়ত ও রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকা অনুসরণ না করে ওলী হওয়া যায় না। অনেকে মনে করেন, শুধু তসবিহ-তাহলিল ও পীর-মুরিদী করলেই মানুষ ওলী হয়ে যাবেন। ওলী হতে হলে সমাজ, রাষ্ট্র, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাদর্শ পুরোপুরি মানতে হবে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাদ জোহর চট্টগ্রামের ফলোগ্রান্ড মাঠে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, চরমোনাই প্রচলিত কোনো দরবারি পীরপ্রথা নয়। নিঃসন্তান দম্পত্তিদের সন্তান লাভ, ছেলে-মেয়ের বিয়ে হয়ে যাওয়া, মামলা-মোকাদ্দমায় জয়লাভের উদ্দেশ্যে চরমোনাইয়ের তরীকায় এসে কোনো লাভ হবে না। এসব ক্ষমতা কোনো পীরের হাতে নেই। সবসমস্যার সমধান যার হতে, যিনি দাতা সেই মহান আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে দেওয়াই চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য।
চরমোনাই পীর বলেন, সমাজ, রাষ্ট্র ও বাণিজ্যসহ মানব-জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম সর্বোত্তম ও সুন্দর নীতি-আদর্শ উপহার দিয়েছেন। বৈরাগ্য, সন্ন্যাসব্রত ও শুধু তাসীবহ-তাহলীলে লিপ্ত থাকার নামই ধর্ম নয়, এটি ধর্মের অপব্যাখ্যা। শত্রুদের প্রপাগাণ্ডা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে।










