আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না। ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়া সিদ্ধান্তটি কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত নোটিশ প্রদর্শনেরও নির্দেশনা রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ধূমপানমুক্ত ভোটকেন্দ্র নিশ্চিত করা হলে ভোটারদের জন্য একটি স্বাস্থ্যকর, স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন পরিচালনাও হবে আরও সুশৃঙ্খল।











