বিএনপির রাজনীতি সবসময় ভীতু রাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন।
তিনি বলেন, বিএনপি ঝুঁকি নিতে চায় না। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায়। তারা যদি ৫ মে রিস্ক নিতো, তাহলে এতো দীর্ঘদিন তারাও জেল-জুলুমের শিকার হতো না, আমরাও হতাম না। ওইদিন তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার কর্মীদের আহ্বান করেছিলেন, তারা যেন শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের পাশে দাঁড়ায়। সেদিন যদি তার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি কর্মীরা আসতো, তাহলে বাংলাদেশ ২০১৩ সালেই ফ্যাসিস্টমুক্ত হয়ে যেত।
শুক্রবার (৮ মে) দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ফ্যাসিস্টকে বিদায় করেছি, তার পাটাতন ছিল ২০১৩ সালের শাপলা চত্বরে আমাদের ওলামা-ছাত্রদের অবদান।
তিনি শাপলা চত্বরের ঘটনা স্কুল, কলেজ ও মাদরাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একইসঙ্গে শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত করারও দাবি জানান।











