spot_img

নতুন কর্মসূচি আসছে; ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়: আমান

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, প্রস্তুতি নিন, নতুন কর্মসূচি আসছে। কাঁচপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া-সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন। এই বাংলাদেশ চলবে না। আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়। এর বাইরে কারো কথায় দেশ চলবে না।

শনিবার (৮ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং বন্ধ ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঘোষিত কর্মসূচিতে আমাদের ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে ৫ জন রক্ত দিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা বলেছে, আমাদের রক্তের ঋণ তখনই শোধ হবে যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, ৫ জন কেন, যদি ৫ হাজারও শহীদ হতে হয়; এ দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ