কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।
শনিবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌরশহর বাজারে ঘণ্টাব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে তারা।
এর আগে বুধবার (০৫ অক্টোবর) দীর্ঘ ১২ বছর পর নতুন কমিটি পায় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই কমিটি গঠনের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পদবঞ্চিত নেতাকর্মীরা। এমনকি কমিটির ১ নং সহ-সভাপতি মো. আরমিন আহমেদ দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন।
ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না অভিযোগ করে বলেন, জামাত-শিবির ও ছাত্রদল থেকে ওঠে আসা অছাত্রদের নিয়ে সাবেক এমপি সোহরাব উদ্দিন ও তার ছেলে সাগরের পছন্দের এই কমিটি তারা প্রত্যাখ্যান করেছেন। এই কমিটিকে পাকুন্দিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিতর্কিত এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। প্রয়োজনে তাদের রাজপথেই মোকাবিলা করা হবে।










