১৯ দেশের রাষ্ট্রদূত শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। এসময় রাষ্ট্রদূতগণ তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন।
মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইনের রাষ্ট্রদূতগণ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রদূতগণ পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতগণ।










