আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপিই এ দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। তাই তাদের লজ্জা থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি দিত না।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি দেয়, ১/১১ এর জন্য তাদের লজ্জা হওয়া উচিত। তাদের কারণেই গণতন্ত্র ধ্বংস হয়েছিল। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ মাঠে ছিল, আছে, থাকবে।
বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ছিল অপূর্ণ। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বাধীনতার কথা ভুলে যান নি।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে কাজ শুরু করেছিলেন, তখন স্বাধীনতার পরাজিত শক্তি তাকে হত্যা করে। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ঘুরে দাঁড়িয়েছে। এখন আবার বিএনপি ষড়যন্ত্র শুরু করছে।
সূত্র: বাসস










