বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল চতুর্থ স্থানে। এদিন সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭ নিয়ে রাজধানীর বাতাসের গড় মান ছিল অস্বাস্থ্যকর।
তবে তালিকায় ঢাকার স্কোর ১৮৭ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘বিপজ্জনক’বা দুর্যোগপূর্ণ। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ৩৫৪, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একই সময়ে রাজধানীর মার্কিন দূতাবাস এলাকার বাতাস ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ, স্কোর ছিল ৩০১।
এছাড়াও একিউআই’র ওয়েবসাইট অনুযায়ী, গোটা রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর হলেও এর মধ্যে স্কোরের তালিকায় এগিয়ে ছিল- গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকা, সকাল ৮টায় ওই এলাকার স্কোর ছিল ১৯৮। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৭৫, বারিধারার ওয়াহাব নামে একটি এলাকার স্কোর ছিল ১৭০, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকার স্কোর ছিল ১৪২।
এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে শনিবার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, শহরটির স্কোর ২৮৩, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ । এয়ার কোয়ালিটি ইনডেক্সে সে সময় ওই শহরের বাতাস গড় মান ছিল খুবই অস্বাস্থ্যকর। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। তৃতীয় ইরাকের বাগদাদ, স্কোর ১৯৮। পঞ্চম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮৭)। ষষ্ঠ অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, শহরটির স্কোর ১৭৯। সপ্তম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭১। অষ্টম অবস্থানে দক্ষিণ কোরিয়ার বুসান, শহরটির স্কোর ১৭১। নবম দক্ষিণ কোরিয়ার ইনচিওন, শহরটির স্কোর ১৬৯। দশম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, শহরটির স্কোর ১৬১।











