প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতার পরিচয় দিয়েছে।
শনিবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত তিনদিনের বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালমান এফ. রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি বেসরকারি খাত। সরকার এক্ষেত্রে সহায়তাকারীর ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশর জন্য বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করছেন।
তিনি বলেন, সরকারের সঙ্গে চমৎকার সহযোগিতার সম্পর্কের মাধ্যমে এফবিসিসিআই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পেছনে অবদান রাখছে। এফবিসিসিআই এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক নেটওয়ার্কিং বাড়বে বলে তিনি মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশ্ব বাণিজ্য সংস্থার উপ–মহাপরিচালক সাংচেন ঝাং, সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল খাসাবি, চীনের ভাইস মিনিষ্টার ফর কমার্স কিয়ান কেমিং, যুক্তরাজ্যের বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যান–মারি ট্রেভেলইয়ান প্রমুখ।











