প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের পাশে আছে আমাদের চিন্তার কিছুই নেই। জনগণকে উদ্ধুব্ধ করে তাদের কাজে লাগাতে হবে। যেভাবে করোনা মোকাবেলা করেছি, ঠিক সেই একইভাবে এই যুদ্ধের সময় অর্থনীতির যে মন্দা দেখা দিয়েছে যে ভয়াবহতা দেখা দিয়েছে; এটার থেকেও আমাদের দেশকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চাল, ভোজ্যতেলের বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের মজুদ আছে। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সরকার এ থেকে উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মূল্যস্ফীতির মধ্যে পড়েছে। সেখানে আমরা ছোট দেশ, আমরাও এফেক্টেড হয়েছি।










