spot_img

আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিলো, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। রাজপথ ও নির্বাচনে মোকাবেলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও তিনি জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে। বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে । ২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মতভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

বিএনপি’কে উদ্দেশ করে তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই।

তিনি বলেন, আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ