spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় রোববার (১২ মার্চ) ষষ্ঠ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। তবে ঢাকার বাতাস অস্বাস্থ্যকরই রয়েছে। সকাল সাড়ে ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৬৮। এ তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই, যার স্কোর ২১২।

একিউআই স্কোরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের কলকাতা ও দিল্লি; স্কোর যথাক্রমে ২০৯ ও ১৮৪। চার নম্বরে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮০। আর ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ইরাকের বাগদাদ শহর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান একিউএয়ারের তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে অস্বাস্থ্যকর অবস্থায় ছিল ঢাকার বায়ু। এর মধ্যে কয়েকদিন ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে থাকে। দূষিত শহরে বসবাসকারীদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি-না, তা জানায় একিউআই।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজন (ও৩)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ