চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
রবিবার (১২ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং সৌদি আরব ও ইরান এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে বাংলাদেশ স্বাগত জানায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে, এ সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে, স্থিতিশীলতা বজায় রাখতে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে অবদান রাখবে।
বিবৃতিতে দুই দেশের আলোচনাকে সহজ করতে চীন, ইরাক ও ওমানের ভূমিকার প্রশংসা করা হয়।
আগামী দূই মাসের মধ্যে নিজেদের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য গত শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব ও ইরান। সৌদি আরবের প্রতিনিধি মুসাইদ আল-আইবান ও ইরানের প্রতিনিধি আলী শামখানির মধ্যে বেশ কয়েকদিনের নিবিড় আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হয়।











