চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের সামনে পাঁচটি কঠোর শর্ত তুলে ধরেছে আমেরিকা।
রোববার (১৭ মে) ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য প্রকাশ করেছে।
ওয়াশিংটনের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, যুদ্ধকালীন কোনো ক্ষতিপূরণ না দেওয়া, ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করা এবং ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা সচল রাখা।
প্রস্তাবিত এসব শর্তের অধীনে সব ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি সরাসরি আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে আমেরিকা স্পষ্ট করে দিয়েছে, ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদের ২৫ শতাংশও অবমুক্ত করতে তারা রাজি নয়।
অন্যদিকে, ইরানও পাল্টা পাঁচটি শর্ত দিয়েছে। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
এছাড়া ইরান তাদের অবরুদ্ধ সম্পদের পূর্ণাঙ্গ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেছে।











