দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে। দেশের তরুণদের কর্মসংস্থান প্রদানে সরকার ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু নিজের দায়িত্ববোধ থেকে এই জব ফেয়ারের আয়োজন করেছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ চাকরি মেলা নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় পরিসরে আর কখনো কোনো জব ফেয়ার অনুষ্ঠিত হয়নি। এবারের মেলায় ৩১টি বড় চীনা প্রযুক্তি ও অন্যান্য কোম্পানি অংশ নিয়েছে এবং চার শতাধিক চাকরির সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, চীন থেকে ফিরে আসার পর চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই জব ফেয়ারের প্রস্তাব দেওয়া হয়। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদকের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফলভাবে রূপ নিয়েছে।










