আগামী এক থেকে দুই দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে পারে আমেরিকা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
অধ্যাপক এলমাসরি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের কয়েকজন উগ্রপন্থী বা যুদ্ধবাজ কর্মকর্তার প্রভাবে রয়েছেন। এ কারণেই তিনি ইরানের বিরুদ্ধে আবার হামলার দিকে ঝুঁকছেন।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যে ধরনের নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, তা পাননি। তেহরানের সঙ্গে চলমান আলোচনাও তার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি।
অধ্যাপক এলমাসরি আরও বলেন, সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্মেলন নিয়েও ট্রাম্পের যে উচ্চাশা ছিল, সেটিও পূরণ হয়নি। এসব রাজনৈতিক ব্যর্থতাই তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা











