ন্যাটো সদস্যভুক্ত পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া কোনো ধরনের আগ্রাসন দেখালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টা নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত জুনে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রাশিয়া। আর আগ্রাসনের মুখে এসব অস্ত্রই ব্যবহার করবে বেলারুশ।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শুরু হয় পূর্ণ মাত্রার যুদ্ধ।এতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে বেলারুশ। দেশটির কয়েকটি অঞ্চল যুদ্ধের কাজে ব্যবহার করেছে রুশ বাহিনী। এছাড়া গত দেড় বছরে রাশিয়ার সেনাদের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে বেলারুশের সেনারা। এতে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে তারাও।
তবে লুকাশেঙ্কো বেল্টা নিউজকে জানিয়েছেন, বেলারুশ কখনো এ যুদ্ধে জড়াবে না। যতক্ষণ না ইউক্রেনের সেনারা তাদের দেশে ঢুকে কোনো হামলা না চালায়। তবে তিনি সঙ্গে এও বলেছেন, ‘আমরা রাশিয়াকে সাহায্য করে যাব। তারা আমাদের মিত্র।
সূত্র: সিএনএন












