ফিলিস্তিনের গাজ্জা দখলের ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গাজ্জা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরাইলকে বাধ্য করার জন্য তিনি জাতিসঙ্ঘ, শান্তিকামী রাষ্ট্রসমূহ এবং সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানান।
সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, ফিলিস্তিনের গাজ্জা সিটি দখলের ন্যক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দখলদার ইসরাইল ব্যাপক পরিকল্পনা নিয়ে গাজ্জা দখলের দিকে এগুচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইতোমধ্যেই গাজ্জা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরাইলি সেনারা ৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দখলদার ইসরাইলিরা গাজ্জার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গীর্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। গাজ্জার সবকিছু আজ কেবল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। একসময়ের সমৃদ্ধ এই নগর আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী। মূলত ইসরাইল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে, যা সভ্য ইতিহাসে নজিরবিহীন এক কলঙ্কজনক অধ্যায়।
তিনি বলেন, ইসরাইল সম্প্রতি প্রকাশ্যে গাজ্জা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজ্জা থেকে জোরপূর্বক প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজ্জা দখলের এ নীলনকশা ইসরাইলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থী। ইসরাইলের এ হিংস্র দখলদারিত্ব শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং গোটা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবতার জন্য গুরুতর হুমকি।











