বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিরোধীদল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও। পরিণতি ভালো হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে। যারা এই আইন বাতিল করেছেন, তাদেরও বিচার হবে। স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমরা এক সাগর রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব।
সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির সঙ্গে বলেছেন, আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়। গত ১৪ সাল ও ১৮ সালের নির্বাচন কত বড় জালিয়াতি সেটা আর বলার দরকার নেই। তারা গণতন্ত্রের কথা বলেন। অথচ, মোমবাতি জ্বালানোর মতো কর্মসূচিও তারা সহ্য করতে পারছেন না। মোমবাতিও তারা নিভিয়ে দিতে চান। আমি স্পষ্ট বলছি, এই সরকারের কাছে আমাদের একটাই দাবি সংসদ ভেঙে দেন। সরকার ভেঙে দেন। নাহলে, আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে।










