আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পরাজিত হবেন না, তিনি পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। বিএনপিসহ একটি চিহ্নিত মহলের বিরুদ্ধে সতর্ক থাকবেন। তারা দেশ-বিদেশে শেখ হাসিনার উন্নয়ন, জনপ্রিয়তা ও সততার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অন্যান্য কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।










