পাকিস্তানের মুফতী আজম মুফতী রাফি উসমানীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।
আজ শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মুফতী রাফি উসমানি (রহ.) একাধারে ভারতের দারুল উলুম দেওবন্দ ও পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম ও সমসাময়িক বিষয়ের উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি একাধারে পাকিস্তান সুপ্রীম কোর্টের শরীয়া কাউন্সিলের উপদেষ্টা, পাকিস্তান কওমী মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি ও করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি ইসলাম ও সমসাময়িক বিষয়াবলীর উপর ২৭ টির মত বই লিখে গেছেন।
এসময় নেতৃদ্বয় মুফতী রাফি উসমানির জন্য সকলের নিকট দু’আ চেয়েছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।










