spot_img

আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে উগ্রতা এবং হিংস্রতা : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে উগ্রতা, হিংস্রতা এবং বেপরোয়া ভাব। আপনারা দেখেছেন, যারা এই তাণ্ডব চালাচ্ছে, তাদের অধিকাংশই হচ্ছে ছাত্রলীগের নেতারা।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, উপজেলা ছাত্রলীগের নেতাকে আপনারা দেখেছেন চাইনিজ কুড়াল নিয়ে তার সঙ্গে ছাত্রত্বের কোনো সম্পর্ক নেই। বিএনপি এবং ছাত্রদলের যে সকল নেতাকর্মী যারা মশাল মিছিল করেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদকে না পেয়ে তার বৃদ্ধ মা-বাবাকে এমন কঠিন ভাবে প্রহার করা হয়েছে, তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। এ ছাড়া সেখানে বিএনপির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করেছে ছাত্রলীগ যুবলীগ। যা দেশের প্রথম সারির গণমাধ্যমে এসেছে।

তিনি বলেন, দেশব্যাপী এমন তাণ্ডব চলছে। সহিংস রক্তপাতের যে পরিকাঠামো নির্মাণ করেছেন শেখ হাসিনা, তাতে আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এবং চোখ অন্ধ হয়ে গেছে স্প্লিন্টারে। সেই সঙ্গে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তিনজনের। ভোলায় দুজন এবং নারায়ণগঞ্জে একজন।

তিনি আরো বলেন, ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোনো নির্দেশনা দেইনি সমাবেশে হামলা করার জন্য, তার এই কথায়ই প্রমাণিত হয় ওবায়দুল কাদের সাহেবরাই নির্দেশ দিয়েছেন হামলা করার জন্য। নাহলে একটি ছাত্রের হাতে চাইনিজ কুড়াল থাকবে কেন? রামদা থাকবে কেন? পাড়ায়-মহল্লায় গ্রামেগঞ্জে থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ছাত্রলীগ মানেই হচ্ছে মূর্তিমান আতঙ্কের নাম। এখন মায়েরা তার সন্তানকে ঘুম পাড়াবে ছাত্রলীগের ভয় দেখিয়ে। বলবে বাবা ঘুমিয়ে যা, না হয় ছাত্রলীগ আসবে। এদের নাম শুনলেই প্রত্যেকটি জায়গায় আতঙ্কের সৃষ্টি হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ